জাতীয়

সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যেতে চায় জামায়াত: ডা. শফিকুর

নওগাঁ, ৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা নয়, বরং তাদের কাজ তুলে দিতে চাই।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান চাঁদাবাজ ও মামলাবাজদের ভোটের দিন পরাজিত করতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জামায়াত একটি শিক্ষিত জাতি গঠনে কাজ করবে এবং নারীর নিরাপত্তা নিশ্চিতে তার দল প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারা আইডি হ্যাক করে এই কাজ করেছে এবং অভিযুক্তরা চিহ্নিত হয়েছে।

নওগাঁবাসীর উদ্দেশে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে নওগাঁর প্রধান সড়কগুলো চার লেনে উন্নীত করা হবে এবং মানসম্মত মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি বলেন, এখানে আম ও লিচু প্রসেসিং কারখানা স্থাপন করে বিদেশে রফতানির ব্যবস্থা নেওয়া হবে। অতীতের দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে যার ভুক্তভোগী দেশের জনগণ। আল্লাহ সুযোগ দিলে ভবিষ্যতে আর কাউকে জনগণের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। এছাড়া ছাত্রীদের মাস্টার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এসএএস/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language