ভারত

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির উদ্বেগ: মধ্যস্থতায় ইমরান খাজা

ভারত, ৪ ফেব্রুয়ারি – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানের মাঠে না নামার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। এই জটিল পরিস্থিতি সামাল দিতে এবার কূটনৈতিক উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সমস্যা সমাধানের লক্ষ্যে অনানুষ্ঠানিক বা ব্যাক-চ্যানেল আলোচনার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি এবং এই আলোচনার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার ওপর। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইমরান খাজা খুব শীঘ্রই পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে।

এই আলোচনার মূল লক্ষ্য হলো পিসিবিকে তাদের বর্তমান অবস্থান পুনর্বিবেচনা করতে রাজি করানো এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম প্রধান আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচটির আয়োজন নিশ্চিত করা। বর্তমান প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যমে ইমরান খাজাকে সংকট নিরসনে শান্তিদূত হিসেবে অভিহিত করা হচ্ছে। উল্লেখ্য গত রোববার পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় যে জাতীয় দল নির্ধারিত বিশ্বকাপ ম্যাচে ভারতের বিপক্ষে অংশগ্রহণ করবে না।

সরকারের এই ঘোষণার পরপরই বিশ্বকাপের সামগ্রিক সূচি এবং টুর্নামেন্টের বাণিজ্যিক সাফল্য নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি এখন পর্যন্ত পিসিবি তাদের এই সিদ্ধান্তের কথা আইসিসিকে কোনো আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানায়নি। ফলে শেষ পর্যন্ত পাকিস্তান তাদের কঠোর অবস্থান পরিবর্তন করবে কি না তা নিয়ে ক্রিকেট বিশ্বে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে।

এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language