জাতীয়

ময়মনসিংহে বিএনপি প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে ছয়জনের কারাদণ্ড

ময়মনসিংহ, ৪ ফেব্রুয়ারি – ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাদের কাছ থেকে ৬টি মুঠোফোন, ২৫ হাজার টাকা, একটি হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকা থেকে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)। গোলাম শহীদ পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার যশরা গ্রামের বাসিন্দা, বাকিরা ভালুকার ভান্ডাবো ও বগাজান এলাকার বাসিন্দা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে বগাজান এলাকায় টাকা বিতরণের খবর আসে। ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের পক্ষে এসব টাকা বিতরণ করা হচ্ছিল। সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। সেখানে ৩০ জনের একটি দল থাকলেও অন্যরা পালিয়ে যায়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটক ৭ জনের মধ্যে ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা নিয়ে তার মায়ের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি হিসাবের খাতাও জব্দ করা হয়েছে, যাতে কোন মহল্লায় কবে, কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে, তার তথ্য রয়েছে।

ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের মোবাইল নম্বরে একাধিক কল দেওয়ার চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। তবে তার প্রধান নির্বাচনি এজেন্ট মোহাম্মদ রুহুল আমিন মাসুদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং এ বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে ওই ছয়জনকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন জানান, ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক হওয়া ছয়জনের কাছ থেকে জব্দ করা হিসাবের খাতায় বিস্তারিত তথ্য পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে কোন মহল্লায় কবে কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language