জাতীয়

মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক করল বিটিআরসি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তরের আগে সেটির নিবন্ধন বাতিল বা ডি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর ব্যবস্থা পূর্ণাঙ্গরুপে চালু হওয়ার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের জন্য এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দেশের মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পুরোপুরি কার্যকর করা হয়েছে।

এর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে যা অবৈধ ও চোরাই মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিটিআরসি আরও জানিয়েছে যে নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনে সিম পরিবর্তনের ক্ষেত্রে অথবা ফোনটি অন্য কারও কাছে হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই হ্যান্ডসেটটির নিবন্ধন জাতীয় পরিচয়পত্র থেকে বাতিল করতে হবে।

এই ডি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম ক্রয়ের সময় ব্যবহৃত ডকুমেন্ট অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যার প্রয়োজন হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসির নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া যেকোনো সহায়তার জন্য বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করা যাবে।

এস এম/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language