ফেব্রুয়ারিতে শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ২ ফেব্রুয়ারি – চলতি ফেব্রুয়ারি মাসে দেশের আবহাওয়ায় আবারও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। শীতের বিদায়বেলায় তাপমাত্রার পারদ নামার পাশাপাশি বজ্র ও শিলাবৃষ্টির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী এ মাসে দেশের তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও চলতি মাসের প্রথমার্ধে উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।
ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার বার্তায় আরও জানানো হয়েছে যে এ মাসে বঙ্গোপসাগর এলাকায় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই। তবে মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
মাসের শেষের দিকে আবহাওয়া কিছুটা বিরূপ আচরণ করতে পারে এবং এ সময় দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকলেও সামগ্রিকভাবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
নদ-নদীর অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে যে দেশের প্রধান নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে। এছাড়া দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এনএন/ ২ ফেব্রুয়ারি ২০২৬









