জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের অভিযোগ, ভুয়া পোস্টের নিন্দা জানাল দল

ঢাকা, ০১ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের টুইটার (এক্স) হ্যান্ডেল হ্যাক হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। জামায়াতের দাবি, হ্যাকের মাধ্যমে অ্যাকাউন্টটি সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে, সম্প্রতি ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটে।
তিনি জানান, ওই স্বল্প সময়ের মধ্যে একটি অননুমোদিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। দলটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে, ওই পোস্ট বা কনটেন্ট ডা. শফিকুর রহমানের কোনো বক্তব্য, মতামত কিংবা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, অত্যন্ত সমন্বিত ও পরিকল্পিত পদ্ধতিতে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। ফলে অন্যান্য প্ল্যাটফর্ম ও অ্যাকাউন্টের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তিনি সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মিথ্যা তথ্য প্রচার, পরিচয় জালিয়াতি এবং বিকৃত কনটেন্ট তৈরি ও ছড়ানো আইনগতভাবে দণ্ডনীয় ও নৈতিকভাবে নিন্দনীয়, যা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
বিবৃতিতে আরও বলা হয়, যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করা এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। স্বচ্ছতা, ডিজিটাল নিরাপত্তা ও জনসাধারণের সঙ্গে বিশ্বাসযোগ্য যোগাযোগ বজায় রাখতে কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। প্রয়োজনে পরবর্তীতে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।
এনএন/ ০১ ফেব্রুয়ারি ২০২৬









