ফেব্রুয়ারির জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, সব ধরণের তেলে কমল ২ টাকা

ঢাকা, ১ ফেব্রুয়ারি – বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা কমিয়ে যথাক্রমে ১০০ টাকা ও ১১২ টাকা করা হয়েছে। একইভাবে পেট্রোল ও অকটেনের দামও লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। এর ফলে প্রতি লিটার পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে ১১৬ টাকা এবং অকটেনের দাম হয়েছে ১২০ টাকা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুসরণ করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ঘোষিত নতুন এই মূল্যহার ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৬









