নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না

কুমিল্লা, ৩১ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো রাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের অপচেষ্টা চালায় তবে এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, আসন্ন এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি জুলাই গণঅভ্যুত্থানেরই ধারাবাহিকতা। জুলাই বিপ্লবের ফলেই দেশ আজ একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে অগ্রসর হতে পেরেছে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে জনগণের জবাবদিহিতা ও অধিকার সুনিশ্চিত থাকবে। বিদেশি হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ প্রকাশ্যেই ১১ দলীয় জোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি নির্দিষ্ট দলের পক্ষাবলম্বন করছে যা বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি ১১ দলীয় জোট সরকার গঠন করতে সক্ষম হয় তবে জুলাই অভ্যুত্থানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে জুলাই গণহত্যা ও শরিফ ওসমান হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সভাপতিত্ব করেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বক্তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬









