জাতীয়

সেনাবাহিনীর যৌথ অভিযানে এক সপ্তাহে ৫০৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার

ঢাকা, ৩০ জানুয়ারি – সারাদেশে পরিচালিত সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মোট ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায় যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। গত এক সপ্তাহের এই যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং এবং চোরাকারবারিসহ পাঁচ শতাধিক সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯৫টি ককটেল, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং নানা ধরনের দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে এবং শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসনেও তারা দায়িত্ব পালন করছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। পাশাপাশি কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য যে গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত যৌথ অভিযানে মোট ১ হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার এবং ১৫৩টি অস্ত্র ও ১ হাজার ৮৩৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language