নয়াপল্টনের বেসরকারি স্কুলে শিশু শিক্ষার্থী নির্যাতন, ব্যবস্থাপক চারদিনের রিমান্ডে

ঢাকা, ২৭ জানুয়ারি – রাজধানীর নয়াপল্টনের একটি বেসরকারি স্কুলে চার বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়ার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পবিত্র কুমার বড়ুয়া ওই স্কুলের ব্যবস্থাপক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন।
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাজধানীর মিরপুর এলাকা থেকে পবিত্র কুমার বড়ুয়ারকে গ্রেফতার করা হয়। পরে একই দিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পল্টন মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. নূর ইসলাম আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় সেদিন রিমান্ড শুনানি হয়নি। পরে আদালত রিমান্ড শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেন।
এর আগে ১৮ জানুয়ারি নয়াপল্টনের শারমিন একাডেমিতে প্রি-প্লে শ্রেণির এক শিশু শিক্ষার্থী নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটির মা পল্টন থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬









