রাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬

রাজশাহী, ২৬ জানুয়ারি – রাজশাহীর পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী–নাটোর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম। অপর দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, বিকেলে একটি অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শান্ত ইসলাম নিহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর শান্ত ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়রা রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করেন। পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তারা সড়কে অবস্থান নিলে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রাজশাহী হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, “দুর্ঘটনায় একজন শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে রামেকে পাঠানো হয়েছে। বর্তমানে শিক্ষার্থী ও স্থানীয়রা আন্দোলন করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় মামলা করা হবে।”
এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬









