চানখারপুল হত্যা মামলায় হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা আজ

ঢাকা, ২৬ জানুয়ারি – চব্বিশের জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় দেওয়া হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে ২০ জানুয়ারি রায়ের দিন ধার্য থাকলেও প্রস্তুত না থাকায় তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়।
২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে সংঘটিত ওই ঘটনায় শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। তদন্ত শেষে ২০২৫ সালের ২১ এপ্রিল ৯০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই শেষে ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল ও আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এই মামলায় গ্রেপ্তার হয়ে চারজন আসামি ট্রাইব্যুনালে হাজির হন— শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। বাকি চারজন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন।
গত বছরের ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়। এরপর ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ২৩ কার্যদিবসে ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় ১০ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হওয়া যুক্তিতর্ক শেষে ২৪ ডিসেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হলেও তা পরে পিছিয়ে আজ ঘোষণা করা হচ্ছে।
রাষ্ট্রপক্ষ আট আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে বেকসুর খালাস চেয়েছে। আজকের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে এই আট পুলিশ কর্মকর্তার ভাগ্য।
এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬









