উত্তর আমেরিকা

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডায় ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ওয়াশিংটন, ২৫ জানুয়ারি – চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে বলেন, “কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে পাঠাবে—কার্নি যদি এমনটা ভাবেন তাহলে তিনি ভুল করছেন।”

তিনি আরও বলেন, “যদি কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান সকল পণ্যে তাৎক্ষণিকভাবে ১০০% শুল্ক আরোপ করা হবে।”

ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রীকে ‘গভর্নর কার্নি’ হিসেবে অভিহিত করেছেন এবং দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করছেন।

এদিকে কানাডার বাণিজ্য বিষয়ক মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক এক্স-এ লিখেছেন, “চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য করার কোনও পরিকল্পনা আমাদের নেই।” তিনি জানান, গত সপ্তাহে চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে তা শুল্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেছে।

মন্ত্রী আরও জানান, কানাডার নতুন সরকার দেশীয় অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে এবং দেশে ও বিদেশে বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনা করছে।

গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প কানাডিয়ান পণ্যে শুল্ক আরোপের হুমকি দিচ্ছিলেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখার আহ্বান জানিয়েছিলেন।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language