জাতীয়

মারা গেলেন কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান

ঢাকা, ২৪ জানুয়ারি – কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হাসান মোল্লা (৪৫) মারা গেছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিকেল ৪টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, বিএনপির এ নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি এবং এ ঘটনায় কোনো গ্রেপ্তার নেই।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুর্বৃত্তদের গুলিতে হাসান মোল্লা গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

গুলিবিদ্ধ হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে। তাঁর ছোট ভাই রাকিব হোসেন জানান, ওয়াজ মাহফিল শেষে রাত ৯টার দিকে ফেরার পথে ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাসার সামনে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাদের গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিটি হাসানের পেটের ডান পাশে লাগে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language