নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসছে কমনওয়েলথের পর্যবেক্ষক দল

ঢাকা, ২১ জানুয়ারি – কমনওয়েলথ বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ১৪ সদস্যের একটি দল পাঠাচ্ছে। এই দলকে ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-এদো নেতৃত্ব দিচ্ছেন।
বুধবার (২১ জানুয়ারি) লন্ডনে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে দলের নাম ঘোষণা করেন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে এই দল পাঠানো হচ্ছে। বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে ইচ্ছা প্রকাশের অধিকার রক্ষার জন্য এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।
কমনওয়েলথের নির্বাচনী সহায়তা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ পর্যবেক্ষক দলের কার্যক্রমকে সমর্থন করবেন। নির্বাচন ও গণভোটের স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলকতা এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করার পর পর্যবেক্ষক দল কমনওয়েলথ মহাসচিবের কাছে ফলাফল ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেবে। এরপর তা বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং সকল কমনওয়েলথ দেশের সঙ্গে ভাগ করা হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









