জাতীয়

বিএনপির অভিযোগে জামায়াত ও এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

ঢাকা, ২০ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার নির্ধারিত সময়ের আগেই মাঠে নামায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

সতর্কবার্তা পাওয়া দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস।

ইসি সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়, ২১ জানুয়ারির আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই চারটি দল আইন অমান্য করে প্রচারণা চালিয়েছে। এটি ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ ধারার স্পষ্ট লঙ্ঘন। বিএনপির অভিযোগ পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় কমিশন দলগুলোর প্রধানদের সতর্ক করার সিদ্ধান্ত নেয়।

চিঠিতে বলা হয়েছে, ২১ জানুয়ারির পূর্বে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দলগুলো প্রচারণা চালিয়েছে, যা বিধিবহির্ভূত। তাই নির্বাচনী সময়ের আগে সব ধরনের প্রচারণা বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দায়িত্বরত ব্যক্তিদের নির্দেশ দেওয়া হলো।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের নির্দিষ্ট সময় পূর্ব পর্যন্ত প্রচারণার সুযোগ থাকলেও তার আগে গণসংযোগ বা প্রচারণায় আইনি বিধিনিষেধ রয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন হলে সংশ্লিষ্ট দল বা প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language