জাতীয়

ইসির ব্রিফিং আজ, প্রার্থীদের জানানো হবে প্রবাসী ভোটের ডিজিটাল প্রক্রিয়া

ঢাকা, ২০ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য প্রথমবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোট দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহারের পদ্ধতি ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের স্বচ্ছ ধারণা দিতে আজ (মঙ্গলবার) বিকেলে ইসি একটি ব্রিফিং আয়োজন করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পোস্টাল ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর সংশয় দূর করতে এই কারিগরি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। ইসি জানিয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল থেকে টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন ২ জন প্রতিনিধি ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন উপযুক্ত প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

ইসি আরও জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে।

প্রতীক বরাদ্দের পর দেশ এবং দেশের বাইরে থাকা ভোটাররা, যারা ইতিমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে কীভাবে সম্পন্ন হবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেটিই ব্রিফিংয়ে আলোচনা করা হবে।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language