শাকসু ভোটের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, ভেতরে অবরুদ্ধ ভিসিসহ শীর্ষ কর্মকর্তারা

সিলেট, ১৯ জানুয়ারি – শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা শাকসু নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত মঙ্গলবারই করার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন ক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা দেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
ঘটনাস্থলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেলের অন্তর্ভুক্ত স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ প্যানেল এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিত থাকতে দেখা যায়।
বিক্ষোভকারীদের কয়েকজন জানান, শাকসু নির্বাচন নিয়ে হাই কোর্টে যে রিটের শুনানি চলছে, সেটির রায় অবশ্যই শাকসু ভোটের পক্ষে আসতে হবে এবং মঙ্গলবার নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হতে হবে। এই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
এদিকে একই দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয় ফটকের সামনে সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে এবং যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
এর আগে সোমবার দুপুরে নতুন সামাজিক ভবনের শিক্ষক মিলনায়তনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, তারা শাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছেন না।
এরপর একই স্থানে দুপুর সাড়ে ১২টার দিকে আরেক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচারস লিংক (ইউটিএল)-এর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তারা আগামীকাল মঙ্গলবার ভোট চান এবং ওই নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬









