জাতীয়

বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে

ঢাকা, ১৭ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে এবং বিভীষিকাময় দিন ও রাতের অবসান ঘটেছে। তিনি বলেন, যাঁরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন এবং যেসব পরিবার প্রিয়জন হারিয়েছে—তাদের বেদনা লাঘব করার মতো ভাষা তাঁদের কাছে নেই।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিএনপি পরিবার ও মায়ের ডাক’-এর আয়োজনে গুম-খুন ও নিপীড়নের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নানা উত্থান-পতন থাকলেও দীর্ঘদিনের নির্যাতন, গুম-খুন ও মিথ্যা মামলার পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। তিনি দাবি করেন, একই পরিবারের একজন গুম হলে আরেকজন তার জায়গায় দাঁড়িয়ে আন্দোলন আরও তীব্র করেছেন।

তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়া দলকে অপপ্রচার চালিয়ে দমন করা সম্ভব নয়। নির্যাতনের শিকার মানুষের আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সে জন্য দল সর্বশক্তি দিয়ে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা গুম হয়েছেন, তাদের ত্যাগ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে অনুপ্রেরণা। তিনি বলেন, ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের দায়িত্ব হবে এসব পরিবারকে ভুলে না যাওয়া।

শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে বিএনপি কিছু পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের কিছু সাম্প্রতিক বিতর্কিত ভূমিকা সত্ত্বেও দলটি দায়িত্বশীল আচরণ ও ধৈর্যের পরিচয় দিতে চায়।

রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর পাশে রাষ্ট্রীয় সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্রের যে পথ তৈরি হয়েছে, সেটি বাধাগ্রস্ত করতে যারা বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি করছে, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ন্যায়বিচার নিশ্চিত করতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সরকারই নির্যাতিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language