জাতীয়

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসছেন তারেক রহমান

ঢাকা, ১৫ জানুয়ারি – প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে পারস্পরিক কুশলাদি বিনিময় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

বিএনপির মিডিয়া সেল জানায়, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন এবং অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জোট নেতারা আরও জানান, আসন্ন নির্বাচনে জোটের কয়েকজন নেতাকে মনোনয়ন দেওয়ায় তারা সন্তুষ্ট। যারা মনোনয়ন পাননি, তারাও মনোক্ষুণ্ন নন। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে জোট নেতাদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় তারেক রহমান বলেন, অতীতের ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনেও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি সরকার গঠন করলে যোগ্যতা ও অবদান অনুযায়ী সবাইকে মূল্যায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

১২ দলীয় জোট ও সমমনা জোটের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language