পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ পড়া নিয়ে যে ব্যাখ্যা দিল ইসি

ঢাকা, ১৫ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারিভাবে প্রকাশিত গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে।
ধানের শীষ প্রতীক ভাঁজে ঢাকা পড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “এটা একটি মিস হতে পারে। তবে ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে বিস্তারিত না জেনে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। যতটুকু জানা গেছে, গেজেটে যে অর্ডার বা ধারাবাহিকতা ছিল, সে অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।”
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের মাঝামাঝি স্থানে রাখা হয়েছে, যাতে ভাঁজ করলে তা সহজে চোখে না পড়ে। তিনি ইতোমধ্যে প্রেরণ না করা পোস্টাল ব্যালটগুলো সংশোধনের দাবি জানান।
ব্যালট পুনর্মুদ্রণ করা হবে কি না—এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কমিশনের সভায় আলোচনা না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো যাবে না।
এদিকে বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট একসঙ্গে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়েও ব্যাখ্যা দেন ইসি সচিব। তিনি বলেন, ডাক বিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যালট পাঠানো হচ্ছে। বাহরাইনে ব্যালটগুলো একটি বক্সে পাঠানো হয়েছিল, যা অনেকটা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো। সেখান থেকে প্রবাসীরা নিজ নিজ ব্যালট সংগ্রহ করবেন।
তিনি আরও বলেন, ব্যালট হাতে পেয়ে প্রবাসীরা আনন্দে ভিডিও করেছেন, তবে এভাবে ভিডিও করা ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬









