আবার শৈত্যপ্রবাহের আভাস, ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

ঢাকা, ১৪ জানুয়ারি – কয়েক দিন কনকনে শীতের অনুভূতি কম থাকলেও আবারও দেশে শৈত্যপ্রবাহের হানা দিতে পারে। আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল নাগাদ দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে দেশের ৮ থেকে ১০টি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ভারত সীমান্তঘেঁষা জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের বাকি জেলাগুলোতে একই সময়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে সেটিকে শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং এই অবস্থা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ তাপমাত্রা কমে গেলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন শিশু, বয়স্ক মানুষ এবং শ্বাসকষ্ট বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্তরা। শীতের শুরু ও শেষের সময়ে ঠান্ডাজনিত রোগ, জ্বর ও শ্বাসকষ্টের প্রবণতা বেড়ে যায়। এ কারণে প্রয়োজনীয় উষ্ণ পোশাক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শীত থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬









