জাতীয়

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, থাকবে না তীব্র শীত

ঢাকা, ১২ জানুয়ারি – ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার (১২ জানুয়ারি) আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকায় গত কয়েকদিনের মতো তীব্র শীতও অনুভূত হবে না। দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।

এর আগে শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

এদিকে, আবহাওয়া অধিদফতরের সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে—আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language