জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক, তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা নিয়ে আলোচনা হতে পারে

ঢাকা, ০৯ জানুয়ারি – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন। বৈঠকে তাকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, আজকের বৈঠকে তাকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসতে পারে।

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুএক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।’

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। তবে এখনো দলীয়ভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এবং চেয়ারম্যান পদবিও আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হচ্ছে না। ফলে দলীয় প্রার্থীদের প্রচারে ব্যানার ও ফেস্টুনে কার ছবি ব্যবহার করা যাবে—সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে।

দলের মিডিয়া সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির একাধিক সদস্য তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছেন। তবে তিনি তৃণমূল নেতাকর্মীদের মতামত ও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে আগ্রহী। এ বিষয়ে তিনি বরাবরই এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছেন।

এদিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর বিধি ৭(চ) অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হন, সে ক্ষেত্রে তিনি কেবল বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুনে ব্যবহার করতে পারবেন। এসব ছবি পোর্ট্রেট আকারে হতে হবে এবং কোনো জনসভা বা অনুষ্ঠানে নেতৃত্বদান কিংবা প্রার্থনারত ভঙ্গিমায় প্রদর্শন করা যাবে না।

তারেক রহমানের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই কার্যত তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছে। করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলেও তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি আর রাজনীতিতে সক্রিয় হননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language