ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে, শীতের আমেজ অব্যাহত

ঢাকা, ০৯ জানুয়ারি – ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। হালকা থেকে মাঝারি কুয়াশা ও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে রাজধানীতে শীতের অনুভূতি আগের মতোই রয়েছে। আর্দ্রতা বেশি থাকায় দিনভর শীতের আমেজ বজায় থাকতে পারে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬









