উত্তর আমেরিকা

রাশিয়ার তেল কেনায় ভারতসহ তিন দেশে ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ট্রাম্পের সম্মতি

ওয়াশিংটন, ০৮ জানুয়ারি – রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবসংবলিত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এ তথ্য নিশ্চিত করেন।

বর্তমানে ভারত ও ব্রাজিলের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ রপ্তানি শুল্ক কার্যকর রয়েছে। ‘গ্রাহাম–ব্লুমেন্থাল নিষেধাজ্ঞা বিল’ নামের এই প্রস্তাবিত আইনে, রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়ামসহ বিভিন্ন পণ্য জেনেশুনে কেনা দেশগুলোর ওপর দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পণ্যের ওপর কমপক্ষে ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হবে।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল যৌথভাবে বিলটি উত্থাপন করেন। এর লক্ষ্য রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলে ইউক্রেন যুদ্ধের জ্বালানি জোগান বন্ধ করা।

গ্রাহাম জানান, বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিলটি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রেসিডেন্ট এতে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, “ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, কিন্তু পুতিন শুধু কথাই বলছেন— রুশ সেনারা এখনও নিরপরাধ মানুষ হত্যা করছে।”

আগামী সপ্তাহে বিলটি নিয়ে কংগ্রেসে ভোটগ্রহণ শুরু হতে পারে বলেও জানান গ্রাহাম। মার্কিন সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে বিলটি প্রতিনিধি পরিষদে পাস হতে হবে, এরপর সিনেটে অনুমোদন মিললে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language