শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা, ০৫ জানুয়ারি – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শূন্য পদ রয়েছে ২৯ হাজার ৫৭১টি। মাদ্রাসা পর্যায়ে শূন্য পদ ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি পর্যায়ে রয়েছে ৮৩৩টি পদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি জমা দেওয়া যাবে ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারীর বয়স ০৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ হবে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের ০১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদন করার যোগ্য হবেন না।

পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগসংক্রান্ত অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএর ওয়েবসাইট [www.ntrca.gov.bd](http://www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট [http://ngi.teletalk.com.bd](http://ngi.teletalk.com.bd) থেকে জানা যাবে।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language