এলপিজি অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি লোয়াবের

ঢাকা, ০৫ জানুয়ারি – অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি করা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।
রোববার (৪ জানুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল জব্বার এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে দেশে এলপিজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে তিনি আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অনুষ্ঠিত এক সভায় এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি জানায় যে, শীতকালে জাহাজ ভাড়া বেড়ে যাওয়া, ইউরোপে শীতে জ্বালানি ব্যবহার বাড়ানো এবং কিছু কারণে সরবরাহে সামান্য বিঘ্ন ঘটেছে। তবুও, বর্তমান মজুত পরিস্থিতি সন্তোষজনক।
এতে বলা হয়, কিছু খুচরা বিক্রেতা সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছেন, ফলে ভোক্তারা হয়রানি হচ্ছেন এবং বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি করা এসব খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি।
এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন এলপিজি খাতে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাজার তদারকি আরও শক্তিশালী করা হয় এবং সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করা হয়।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬









