কুমিল্লা

৯৯৯ কল, কুমিল্লায় গুলিবিদ্ধ প্রবাসীকে উদ্ধার করলো পুলিশ

কুমিল্লা, ১৩ অক্টোবর- চাঁদা না দেয়ায় প্রবাসীকে গুলি এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে সাকিব ও সুমন নামে দুই যুবকের বিরুদ্ধে।

হামলায় আহত প্রবাসী আবদুল কাইয়ুম রনি জীবন রক্ষায় পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ওই প্রবাসীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে ওই প্রবাসীর ওপর চাঁদাবাজরা এ হামলা চালায়।

হামলাকারী অভিযুক্ত নাজমুছ সাবিক ওরফে ইয়াবা সাকিব (২২) চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে মৃত আবদুর সোবানের ছেলে এবং তার ভাই শাহাদাত হোসেন সুমন (৩০)।

স্থানীয়রা জানান, ইয়াবা সাকিব ও সুমনদের পেশা এলাকায় ঘুরে ফিরে বিভিন্ন অজুহাতে প্রবাসী পরিবারসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করা। এর আগেও সাকিব ও সুমনকে চাঁদা না দেয়ায় ওই গ্রামের কয়েকজন বাসিন্দাকে হামলা ও মারধরের হুমকি দেয় তারা।

হামলার শিকার চাপাচৌ গ্রামের মৃত হাজী আবদুর রাজ্জাকের ছেলে প্রবাসী আবদুল কাইয়ুম রনি বলেন, সাকিব ও সুমন মঙ্গলবার সকালে দলবল দিয়ে চাঁদার জন্য আসে। পূর্বে তাদেরকে একাধিকবার চাঁদা দেয়া হয়েছে। এদিন চাঁদা না দেয়ার কথা জানালে তাকে মারধরের হুমকি দেয়। পরে তিনি প্রতিবাদ করতে গেলে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাতের পর তার হাতে এবং কোমরে গুলি করে তারা।

আরও পড়ুন:  অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া রশিদুলকে কুপিয়ে হত্যা

এ ঘটনার পর তিনি পুলিশের জরুরি ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চৌদ্দগ্রাম কনকাপত পুলিশ ফাঁড়ির এসআই মো. আবদুল জলিল জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা হামলাকারীদের হাত থেকে ওই প্রবাসীকে উদ্ধার করি। এরপর চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগের পর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করবে।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/১৩ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language