শিক্ষা

শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক, বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা

ঢাকা, ০৮ নভেম্বর – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে উন্নীত করার কোনো যৌক্তিকতা নেই। আন্দোলনে যাওয়াও এই মুহূর্তে যৌক্তিক নয়। বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবা(৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক পোদ্দার এসব কথা বলেন। তিনি বলেন, “স্বাধীন দেশের নাগরিক হিসেবে শিক্ষকদের কথা বলার সুযোগ আছে। তবে বেশিরভাগ শিক্ষক মনে করেন দশম গ্রেডের এই দাবি যৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি, একবারে ১৩ থেকে দশম গ্রেডে উন্নীত করা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি যাতে তারা ১১তম গ্রেড পেতে পারেন। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়।”

উপদেষ্টা আরও জানান, পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নীতি অনুযায়ী ৮০ শতাংশ দেওয়া হবে, বাকি ২০ শতাংশ নতুন নিয়োগের জন্য রাখা হয়েছে।

এর আগে সকালে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক ও সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language