জাতীয়

চারদিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা, ৩১ অক্টোবর – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত যাপন করবেন তিনি।

পরদিন শুক্রবার (৭ নভেম্বর) আরিফপুরে পিতা-মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর শনিবারও (৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাতে সেখানেই থাকবেন তিনি।

সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সফরকালীন সময়ে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক সমন্বয়সহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩১ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language