জাতীয়

আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা দিলো ইসি

ঢাকা, ২৪ জুলাই – ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৩ জুলাই) বিদেশি পর্যবেক্ষকদের জন্য এ নীতিমালা জারি করা হয়। এর আগে দেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫ জারি করা হয়েছে।

এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, গত তিনটি নির্বাচনে যেসব বিদেশি পর্যবেক্ষক পক্ষপাতদুষ্ট ছিল তাদের অনুমোদন দেওয়া হবে না।

সিইসির ভাষায়, যেসব পর্যবেক্ষক গত তিন নির্বাচনে খুব সুন্দর নির্বাচন হয়েছে বলে সার্টিফিকেট দিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদের কোনো মতেই অনুমোদন দেওয়া হবে না। আমরা দেখে-শুনেই নেবো। যারা অভিজ্ঞ, নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করেছে তাদের নেবো।

আজ বুধবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নতুন নীতিমালা জারি হওয়ায় ২০২৩ সালের নীতিমালাটি বাতিল করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য ৩০ দিনের সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি।

নীতিমালা অনুযায়ী, বিদেশিরা আবেদনপত্র পূরণ করে ই-মেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। এছাড়া তারা চাইলে বাংলাদেশে অবস্থিত তাদের দূতাবাসের মাধ্যমেও সরাসরি দাখিল করতে পারবেন আবেদন। কমিশন বিজ্ঞপ্তি দেওয়ার ৩০ দিনের মধ্যে আবেদন দিতে হবে। এক্ষেত্রে কমিশন কাউকে যোগ্য মনে করলে জননিরাপত্তা বিভাগকে যাচাই করে দিতে বলবে। এরপর বাছাই করে আবেদনকারীদের তালিকা কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে ভিসা দেওয়ার জন্য। মন্ত্রণালয় কমিশনকে যথাযথ কারণের ব্যাখ্যা না দিয়ে কারও ভিসা প্রত্যাখান করতে পারবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language