জাতীয়

বিআরটি প্রকল্পের জন্য আরও তিন হাজার কোটি টাকা লাগবে: পরিকল্পনা উপদেষ্টা

 


ঢাকা, ১৮ মে- বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) শেষ করতে আরও তিন হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার (১৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, কিছু চলমান মেগাপ্রকল্প আছে, যেগুলো সরকার গিলতেও পারছে না আবার ফেলতেও পারছে না। যেমন কর্ণফুলী টানেল হয়েছে। এই টানেল দিয়ে কোথায় যাবো? টাকা খরচ করে তারকা মানের রিসোর্ট করা হয়েছে। ধু ধু প্রান্তর। ওখানে কারা যাবে?

তিনি বলেন, এছাড়া বিআরটি প্রকল্প শেষ করতে আরও তিন হাজার কোটি টাকা লাগবে।

সাম্প্রতিক নানা আন্দোলন নিয়ে বিরক্ত প্রকাশ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশে যেভাবে আন্দোলন চলছে, তাতে মনে হচ্ছে সবার দাবি-দাওয়া পূরণের একমাত্র দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ভালো একটা নির্বাচন, দেশে সুশাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় পুনরুদ্ধার করাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য।

এস এ আর/ ১৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language