জাতীয়

আমন্ত্রণ পেয়েও ফ্রান্স যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

ঢাকা, ১৮ মে – জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে ফ্রান্স প্রেসিডেন্টের আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ফ্রান্সের আমন্ত্রণ পাওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা করা হয়। প্যারিসের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে আসতে আগ্রহী অনেক দেশ ইতোমধ্যে দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে। ফলে এখনই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিশ্চিত করা যাচ্ছে না। সম্মেলনে আসার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককে মিলিয়ে না দেখার অনুরোধ করে ফ্রান্স। বরং সম্মেলনে ড. ইউনূস যোগ দিতে পারবেন কিনা, তা নিশ্চিত হতে চায় তারা। চলতি মাসের প্রথম সপ্তাহে এক চিঠির মাধ্যমে ঢাকা জানতে পারে যে, শীর্ষ পর্যায়ের বৈঠক সম্ভব নয়।

সরকারের এক প্রভাবশালী কর্মকর্তার বরাতে জানা যায়, প্যারিসের কাছে যখন দ্বিপক্ষীয় বৈঠকের আগ্রহ জানানো হয়েছিল, তখন তারা এটিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়নি। তারা খুঁজেছে বৈঠক থেকে ফল কী আসবে। এর অংশ হিসেবে ২০২৩ সালের করা প্রতিশ্রুতি অনুযায়ী আকারে-ইঙ্গিতে স্যাটেলাইট ও এয়ারবাস উড়োজাহাজ কেনার বিষয়টি সামনে নিয়ে আসে ফ্রান্স। ইঙ্গিত ছিল, এ ধরনের কোনো ইস্যু থাকলে দ্বিপক্ষীয় বৈঠকে আগ্রহ দেখাতে পারে দেশটি। এর সঙ্গে তাদের প্রতিশ্রুত জলবায়ুর অর্থেরও যোগসূত্র রয়েছে।

স্যাটেলাইট ও এয়ারবাস উড়োজাহাজ কেনার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান আর্থিক সক্ষমতার বিষয়ে প্রশ্ন করলে ওই কর্মকর্তা বলেন, এগুলো কেনার অর্থ ঋণ হিসেবে ফ্রান্সই দিত।

ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণ পেলেও প্রধান উপদেষ্টা কেন যাচ্ছেন না– জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগ আনুষ্ঠানিকভাবে গতকাল শনিবার বিকেলে সমকালকে জানায়, জাতিসংঘের আসন্ন তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে দ্বিতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ জুন থেকে ১ জুলাই, পর্তুগালের লিসবনে।

জানা গেছে, প্রধান উপদেষ্টার ফ্রান্স না যাওয়ার কারণ হিসেবে দেশে জরুরি কাজের কথা প্যারিসকে জানিয়েছে ঢাকা। আর সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দিতে না পারার কারণে দুঃখ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, আগামী ৯ জুন থেকে ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন শুরুর আগমুহূর্তে ৮ জুন অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ১৮ মে ২০২৫

Back to top button
🌐 Read in Your Language