সাহিত্য সংবাদ

ঢাকায় নজরুল মিন্টোর ‘উত্তর আমেরিকার চালচিত্র’ ও ‘নিঃশেষের নৈবেদ্য’ বই দুটির প্রকাশনা উৎসব

ঢাকা, ১৫ মে – গত রোববার সন্ধ্যায় ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে নজরুল মিন্টোর দুটি গ্রন্থ—’উত্তর আমেরিকার চালচিত্র’ (ভ্রমণ ও সমাজবিষয়ক নন-ফিকশন) এবং ‘নিঃশেষের নৈবেদ্য’ (প্রবাসী ট্র্যাজেডি ভিত্তিক গল্পসংকলন)—এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। কবি-সাংবাদিক অপূর্ব শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিজনদের উপস্থিতিতে বই দুটির বিষয়বস্তু ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভাষাবিদ ড. মোহাম্মদ আমীন, লেখিকা রুমানা চৌধুরী, সাংবাদিক আনিস আলমগীর, সংগীতজ্ঞ সুজিত মোস্তফা ও লেখকের সহধর্মিনী আফিয়া খানম।

আলোচনায় অংশগ্রহণ করেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক বায়েজিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি অনিমেষ কর, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান সালিম সাবরিন, ডক্টর শাহজাহান মাহমুদ, প্রচ্ছদ শিল্পী তাহসিন, কবি রাজিবুল হাসান, কবি পারভীন আক্তার, মোহাম্মদ সাইফুল হাসান, আবৃত্তি শিল্পী লুলুয়া ইসহাক মুন্নি প্রমুখ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, দীর্ঘ প্রবাসজীবনের গভীর অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং অনুধ্যানের ফলশ্রুতি—এই গ্রন্থ। “উত্তর আমেরিকার চালচিত্র” শুধু ভ্রমণ নয়, শুধু প্রবাসজীবনের বর্ণনা নয়—এটি হলো উত্তর আমেরিকার সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও প্রবাসীদের অন্তর্জগৎ নিয়ে লেখা এক চলমান চিত্রনাট্য, যেখানে লেখক নিজেকে কখনও একজন অনুসন্ধানী সাংবাদিক, কখনও একজন সংবেদনশীল ভ্রমণকারী, আবার কখনও একজন নিঃসঙ্গ প্রবাসীর ভূমিকায় উপস্থাপন করেছেন।

কানাডা ও আমেরিকার বিভিন্ন শহরে বসবাসরত বাঙালিদের জীবনসংগ্রাম, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংস্কৃতির সংঘাত ও অভিযোজনের কাহিনি এই বইয়ের প্রতিটি পাতায় ধরা দিয়েছে এক উজ্জ্বল সংলাপের মতো। ব্যক্তি ও সমাজ, স্মৃতি ও বাস্তবতা, দেশ ও প্রবাসের মাঝখানে দাঁড়িয়ে এই লেখাগুলো কখনও মন খারাপ করে, কখনও পথ দেখায়। প্রবাসীদের জন্য এটি আত্মচিন্তার আয়না। পাঠকদের জন্য এটি উত্তর আমেরিকার অন্তর্জগতে এক অনন্য যাত্রা।

অনুষ্ঠানে ড. মোহাম্মদ আমীন বলেন, ‘উত্তর আমেরিকার চালচিত্র’: কানাডা ও যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি এবং প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রামের গভীর পর্যবেক্ষণ। তাঁর মতে, এটি শুধু ভ্রমণকাহিনি নয়—একটি “সামাজিক আলেখ্য” যা পাঠককে ভাবায়।

অনুষ্ঠানে নজরুল মিন্টোর দ্বিতীয় গ্রন্থ ‘নিঃশেষের নৈবেদ্য’ সম্পর্কে বক্তারা বলেন, এটি শুধুই একটি বই নয়—এটি একেকটি জীবননাশের কাহিনির মধ্য দিয়ে নির্মিত প্রবাসী আত্মার শোকসঙ্গীত। এখানে বর্ণিত প্রতিটি চরিত্র, ঘটনাপ্রবাহ এবং পরিবেশ বাস্তব। তবে লেখকের গভীর অনুভব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যিক নির্মাণশৈলী এই ঘটনাগুলোকে কেবল প্রতিবেদন হিসেবে নয়, বরং পাঠকের হৃদয়ের দরজায় কড়া নাড়ার মতো গল্পে রূপান্তর করেছে।

এটি এমন একটি গ্রন্থ যা একইসঙ্গে সাংবাদিকতা, সাহিত্য এবং নৈতিক প্রশ্নের দোলাচলে দাঁড়িয়ে সমাজকে প্রশ্ন করে, পাঠককে বিব্রত করে, আবার ভাবতেও বাধ্য করে। ‘নিঃশেষের নৈবেদ্য’ সাংবাদিকতা ও সাহিত্যের মিশেলে একটি বস্তুনিষ্ঠ, আবেগময় গ্রন্থ।

‘নিঃশেষের নৈবেদ্য’: প্রবাসে অকালমৃত্যুর মর্মান্তিক গল্পের সংকলন। সংগীতজ্ঞ সুজিত মোস্তফা এটিকে “নিঃশেষ হওয়া প্রাণের স্মৃতিস্তম্ভ” বলে অভিহিত করেন।

সব শেষে গ্রন্থ দু’টির লেখক, ‘দেশে বিদেশে’ পত্রিকার প্রধান সম্পাদক নজরুল মিন্টো বক্তব্য রাখেন। তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথদের ধন্যবাদ জানিয়ে বই দু’টির পরিচিতি তুলে ধরেন। তিনি জানান, ‘উত্তর আমেরিকার চালচিত্র’ প্রবাসের বহুমাত্রিক অভিজ্ঞতার দলিল, আর ‘নিঃশেষের নৈবেদ্য’ প্রবাসী ট্র্যাজেডির সাহিত্যিক রূপায়ণ।

নজরুল মিন্টোর দুই ভিন্নধর্মী বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তন পরিণত হয় এক শিল্প-সম্মেলনে—যেখানে সাহিত্যের সঙ্গে প্রবাস, বাস্তবতার সঙ্গে ভাবনার মিলন ঘটে।

সবশেষে সংগীত পরিবেশন করেন- লাভলী দেব, রুম্পা চৌধুরী, নিশি কাওসার ও সুজিত মোস্তফা।

২৫৬ পৃষ্ঠার ‘উত্তর আমেরিকার চালচিত্র’ গ্রন্থে বৈচিত্রপূর্ণ ৬৬ টি লেখা রয়েছে। যেখানে উঠে এসেছে উত্তর আমেরিকা তথা কানাডা ও আমেরিকার ইতিহাস, জীবন, জীবিকা, প্রকৃতি ও সংস্কৃতি, অভিবাসীদের সুখ-দুঃখ, আশা ও হতাশার গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতার বয়ান।

২৬৪ পৃষ্ঠার ‘নিঃশেষের নৈবেদ্য’ গ্রন্থে রয়েছে ৫২টি মর্মান্তিক নিঃশেষ হওয়ার গল্প। অনাদরে, অবহেলায়, অথবা অপরাধের শিকার হয়ে যারা অকালে হারিয়ে গেছেন। এই বইয়ে লেখক প্রবাসী বাংলাদেশিদের জীবনের এক বেদনাময়, অন্ধকার, অথচ প্রামাণ্য অধ্যায় তুলে ধরেছেন সাহসিকতা ও মমতায়।

বই দুটি প্রকাশ করেছে অভ্র প্রকাশন। পাওয়া যাচ্ছে- বাতিঘর ও পাঠক সমাবেশ গ্রন্থবিতানে, নিউ ইয়র্কের মুক্তধারা ও টরন্টোর এটিএন মেগা স্টোরে। এছাড়া বাংলাদেশসহ সারা বিশ্বের যেকোনো স্থান থেকে অর্ডার করা যাবে রকমারি ডটকম অনলাইনে।


Back to top button
🌐 Read in Your Language