পাবনা

পাবনা আওয়ামী লীগের প্রথম সারির ১৮ নেতাকে শোকজ, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

পাবনা, ২৮ জানুয়ারি – পাবনা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন প্রধানের পক্ষে নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করায় দলের ১৮ গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশপ্রাপ্তদের আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, নোটিশপ্রাপ্তরা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধানের পক্ষে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। যা দলের গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারার পরিপন্থি। এমতাবস্থায় নোটিশপ্রাপ্তদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

নোটিশপ্রাপ্তরা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম সম্পাদক আবু ইসাহাক শামীম, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকী, দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, ধর্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রম সম্পাদক সরদার মিঠু আহমেদ, কার্যকরী সদস্য ইমদাদ আলী বিশ্বাস, উপদেষ্টা ইদ্রিস আলী বিশ্বাস, আসম আব্দুর রহিম পাকন, লিয়াকত আলী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগ সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন।

আরও পড়ুন : করোনা নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রাখতে নোটিশ

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু বলেন, আমরা নৌকা প্রতীকের বিরোধী নই। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে বিশেষ মহলের তদবিরে স্বাধীনতাবিরোধী পরিবার থেকে আসা, নব্য আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যক্তিকে নৌকা প্রতীক দেওয়ায় আমরা নাগরিক মঞ্চের প্রার্থীকে সমর্থন দিয়েছি। দলের তৃণমূল রক্ষার তাগিদেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। নোটিশের জবাবে আমরা দলের হাইকমান্ডকে প্রমাণসহ এসব বিষয় জানাব।

এদিকে একই কারণে পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক আরমান হোসেনকে বহিষ্কার ও কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এ বহিষ্কারাদেশে কোনো ‘দুঃখ নেই’ জানিয়ে সদর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, ‘অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করার আদর্শ নিয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। হাইব্রিড, টাকাওয়ালা ও স্বাধীনতা বিরোধীদের কাছে এখন পাবনার রাজনীতি জিম্মি হয়ে পড়েছে। টাকার বিনিময়ে আদর্শ না বিকিয়ে, ত্যাগী ও আদর্শবান আওয়ামী লীগের পক্ষে থাকায় আামাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় এমন বহিষ্কার হতে আমি হাজারবার রাজি আছি’।

সূত্র: নতুন সময়
এন এ/ ২৮ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language