বগুড়া

ঈদের রাতে বগুড়ায় জোড়া খুন

বগুড়া, ১৮ জুন – বগুড়া শহরে ঈদের রাতে দুর্বৃত্তদের হামলায় ২ যুবক খুন হয়েছেন। এ সময় পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক। সোমবার (১৭ জুন) রাত ২টার দিকে পুলিশ বগুড়া শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় অন্ধকার রাস্তা থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

এর আগে রাত ১২টার দিকে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, নিশিন্দারা চকর পাড়ার শরিফ ও রুমন। দুজনেই ওয়েল্ডিং মিস্ত্রীর কাজ করতেন। আহত হোসেন আকন্দ (১৯) একই এলাকার বাদল আকন্দের ছেলে। তিনি হোসেন বেকারির পণ্য সরবরাহের কাজ করেন।

হোসেনের পরিবার জানায়, ঈদের রাতে পাড়ায় ছেলেপেলেরা শিক কাবাব আয়োজন করেছিল। রাতে পাড়ার কয়েকটি ছেলের সাথে অন্য কোথাও গণ্ডগোল হয়। এটা নিয়ে অনেকগুলো মোটরসাইকেলে চড়ে লোকজন এসে হামলা চালায়। তারা এলোপাথাড়ি গুলি করে। এতে হোসেনের পায়ে গুলি লাগলে সে পালিয়ে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর শরিফ ও রুমন সেখানেই নিহত হয়।

হোসেন আকন্দ বলেন, শিককাবাব খেয়ে আমি বাসায় চলে আসি। রাতে আবার ফোন করে ডাক দেয় তখন রাস্তায় গেলে দেখি পাঁচ ছয়টি মোটরসাইকেলে অনেকজন হট্টগোল করছিল। আর আমাদের দেখে এলোপাথারিগুলি করে। কিন্তু কেন আমাদের ওপর হামলা তার কিছুই জানি না।

স্থানীয়রা জানান, বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন মোবাইল ফোনে শরীফসহ কয়েকজনকে ডেকে নেন। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন দুর্বৃত্তরা শরীফ, রুমন ও হোসেনকে মেরে ফেলে গেছে। ওই সময় সেখানে উপশহর এলাকার সার্জিল টিপুকে দেখা গেছে। পরে তারা চলে গেলে হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু শরীফ ও রুমন ঘটনাস্থলেই নিহত হন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। রাতে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৮ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language