জাতীয়

ভুটানে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বানিয়ে দেবে বাংলাদেশ

ঢাকা, ২৬ মার্চ – স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ক ট্রেনিং দিবে বাংলাদেশ। দেশটিতে একটি বার্ন ইনস্টিটিউট তৈরিতেও সহায়তা করা হবে।

মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে আসেন ভুটানের রাজা। তাকে এ সময় অভ্যর্থনা জানানোর পাশাপাশি হাসপাতাল ঘুরিয়ে দেখান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদও উপস্থিত ছিলেন।

বার্ন ইনস্টিটিউটে কার্মা দেওয়া নামে ভুটানের এক নারী চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার অগ্রগতি দেখেও স্বস্তি প্রকাশ করেন ভুটানের রাজা।

পরে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানের রাজা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষের কথা জানিয়েছেন। তিনি বলেছেন আবার বাংলাদেশে এলে হাসপাতালে আসবেন।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৬ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language