জাতীয়

নাটকীয়তার পর শপথগ্রহণের ঘোষণা জাপার

ঢাকা, ০৯ জানুয়ারি – নানান দ্বিধা-দ্বন্দ্ব শেষে এবার দ্বাদশ সংসদে শপথ গ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। বুধবার (১০ জানুয়ারি) জাপার ১১ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের জনসভা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (১০ জানুয়ারি) শপথ নেবেন জাতীয় পার্টির নব-নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের (১১ জানুয়ারি) সভা বাতিল করা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ১০ টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দলের নির্বাচিত এমপিরা আগামীকাল (বুধবার) শপথ নেবেন না। তারা বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।’

প্রসঙ্গত নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি জাতীয় পার্টি। একাদশ সংসদের চেয়েও এবার তাদের আসন সংখ্যা কমেছে ১২টি।

অন্যদিকে এত অল্প সংখ্যক (১১ জন) সংসদ সদস্য নিয়ে বিরোধী দলের ভূমিকায় থাকতে পারবে কি না সেটা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে ধুম্রজাল। এ অবস্থায় জাতীয় পার্টি সংসদে থাকা না থাকা নিয়েও দেনদরবার করবে বলে ধারণ বিশ্লেষকদের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language