জাতীয়

বিএনপিনেতা মির্জা আব্বাসের রায় বৃহস্পতিবার

ঢাকা, ২৭ ডিসেম্বর – তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে।

এর আগে গত ২২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম মামলাটির রায়ের দিন ঠিক করেছিলেন।

ওইদিন রায় প্রস্তুত না থাকায় বিচারক পুনরায় ১২ ডিসেস্বর রায়ের দিন ধার্য করেন। পরবর্তীতে ১২ ডিসেম্বর রায়ের তারিখ ফের পরিবর্তন করা হয়। এরপরে বিচারক ২৮ ডিসেম্বর রায়ের দিন ঠিক করে দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সাত কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে চার কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন আদালত অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালীন আদালত বিভিন্ন সময়ে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সূত্র: কালবেলা
আইএ/ ২৭ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language