দক্ষিণ এশিয়া

মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে ধাবায় ঢুকে পড়ল ট্রাক, নিহত ১০

মুম্বাই, ০৪ জুলাই – ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ট্রাকের চাপায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। মঙ্গলবার মুম্বাই থেকে ৩০০ কিলোমিটার দূরে মুম্বাই-আগ্রা হাইওয়েতে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের ধুলে জেলায় মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনকে পিষে দিয়েছে একটি বড় ট্রাক।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ট্রাকটি ব্রেক ফেল করে। এরপর সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড গতিতে সেটি দুটি মোটরসাইকেল, একটি গাড়ি এবং তার পিছনের দিক থেকে আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এছাড়া হাইওয়ের একটি বাসস্ট্যান্ডের কাছে থাকা ধাবায় এসে উল্টে যায়।

খবরে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ ব্যক্তিও রয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৪ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language