মালদ্বীপকে হারিয়ে যা বললেন রাকিব

নয়াদিল্লি, ২৫ জুন – লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলার স্বপ্নও বাঁচিয়ে রাখতে হলে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প কোনো পথ ছিল না জামাল ভূঁইয়াদের সামনে। বাঁচা-মরার এই লড়াইয়ে শুরুতে পিছিয়েও পড়েছিল তারা। কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তনে দুর্দান্ত এক জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
রোববার (২৫ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে মালদ্বীপের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ের পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে জামাল ভূঁইয়ারা। এই জয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলার স্বপ্নও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
ম্যাচে প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় হামজা মোহাম্মদের গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ দল। তবে বিরতির আগেই ৪২ মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান উইঙ্গার রাকিব হোসেন। এরপর দ্বিতীয়ার্ধে তারিক কাজী ও মোরসালিনের গোলে দাপুটে জয় পায় বাংলার দামাল ছেলেরা।
ম্যাচ জয়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের খেলার ধরনের পরিবর্তন সম্পর্কে রাকিব হোসেন বলেন, ‘আমরা আগে লং বল খেলতাম এখন পাসিং এবং বিল্ড আপ ফুটবল খেলছি। আক্রমণাত্মক ফুটবল খেলায় জিততে পেরেছি।’
সাফের মঞ্চে অভিষেক গোল করে উচ্ছ্বসিত এই ফরোয়ার্ড বলেন, ‘বাংলাদেশের হয়ে আমার গোল থাকলেও সাফে প্রথম। গোল করেছি এবং বাংলাদেশ জিতেছে ভালো লাগছে।’
তার প্রতি আস্থা রাখায় কোচ এবং সতীর্থদের ধন্যবাদও দেন রাকিব, ‘আমাকে ফিট হতে দলের সবাই সহায়তা করছে। কোচ আমার উপর আস্থা রাখায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ।’
সবশেষ ২০০৩ সালে দক্ষিণ এশিয়ার মঞ্চে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। সেবার সাফের মুকুটও প্রথমবারের মতো নিজেদের করে নিয়েছিল তারা। এবার ২০ বছর পর আবারও সাফে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ।
মালদ্বীপকে হারালেও সেমির টিকিট নিশ্চিত না বাংলাদেশের। তাই এই ম্যাচ জিতেই আত্মতুষ্টিতে ভুগতে চান না রাকিব, ‘সামনে ভূটান ম্যাচ। সেটিও গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখনই আমরা আনন্দ করতে চাই না।’
ভূটান ম্যাচের জন্য ফুটবলপ্রেমীদের কাছে দোয়া চেয়েছেন রাকিব, ‘এই ম্যাচে আমাদের যেমন সমর্থন দিয়েছেন আগামী ম্যাচেও আরো বেশি দিবেন। ঐ ম্যাচের উপরই সেমিফাইনাল নির্ভর করছে।’
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ জুন ২০২৩









