৫৫ কেন্দ্রের ফল: আনোয়ারুজ্জামান ৩৪৫০৯, বাবুল ১২৬৮০

সিলেট, ২১ জুন – রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ইতোমধ্যে কয়েকটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে।সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী। ১৯০টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৫টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ৩৪ হাজার ৫০৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৮০ ভোট।
বুধবার (২১ জুন) সকাল ৮টায় সিলেট সিটি নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সিসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাত জন। নির্বাচন বর্জন করে মাঠ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও জাকের পার্টির মো. জহিরুল আলম। এছাড়া স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবদুল হানিফ (কুটু), মো. ছালাহ উদ্দিন (রিমন), মো. শাহ্ জামান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
অপরদিকে কাউন্সিলর পদে ৩৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ২৭৩ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিসিক নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। মোট ৪২ ওয়ার্ডে ভোটকেন্দ্র ছিল ১৯০টি। এর মধ্যে স্থায়ী মোট ভোটকক্ষ ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ছিল ৯৫টি। ১৭৪৭টি সিসি ক্যামেরার মাধ্যমে সিসিক নির্বাচনে ভোটগ্রহণ মনিটরিং করা হয়।
দুই সিটির নির্বাচনে ঢাকার ইসি ভবনে মোট ২৩টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে ৩৬৮টি সিসি ক্যামেরায় ২৫২০টি ভোটকক্ষ পর্যবেক্ষণ করা হয়। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে ৩৪৫টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। প্রতিটি ভোটকক্ষে একটি করে আর কেন্দ্রপ্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ চলে।
সর্বশেষ বরিশাল, খুলনা, গাজীপুর, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা-৫ উপনির্বাচন সিসিটিভির মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরায় চলে ভোটের মনিটরিং।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২১ জুন ২০২৩









