ফুটবল

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবেন নেইমার

দোহা, ০৪ ডিসেম্বর – কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে সুখবর পেল ব্রাজিল। নেইমার চোট কাটিয়ে ওই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত।

রোববার সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ তিতে পিএসজি তারকা নেইমারের ফিট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইভিনিং স্ট্যান্ডার্ডের।

সংবাদ সম্মেলনে তিতের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। নেইমারের দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। থিয়াগো তখন নিজে কিছু না বলে কোচকে জবাব দেওয়ার অনুরোধ করেন। তিতে এক কথায় বলেন, ‘হ্যাঁ (নেইমার খেলছে)।’

সঙ্গে তিতে একটি লাইনও জুড়ে দেন, ‘আজ বিকালেও (স্থানীয় সময়) নেইমার বল পায়ে অনুশীলনে নামবে। সে যদি ভালো অনুশীলন করে তাহলে আগামী ম্যাচে খেলবে।’

সার্বিয়ার বিপক্ষে আসরে দলের প্রথম ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। আঘাত গুরুতর হওয়ায় গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি তিনি।

সূত্র: সমকাল
আইএ/ ০৪ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language