পিরোজপুর

পিরোজপুরে আগুনে ভস্মীভূত ২১ দোকান

পিরোজপুর, ০২ অক্টোবর – পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২১ দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার ভোরে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান, কমলের ফার্নিচারের দোকান, পীযূষ শিকদারের ও সমীর রায়ের চায়ের দোকান, সাইফুল হাওলাদারের কাঠের দোকান, সুমন শেখের ফার্নিচারের দোকান, স্বপনের ওয়ার্কশপ, মিঠুনের অটোরিকশার গ্যারেজসহ আরও অনেক দোকান পুড়ে গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোর ৫টার দিকে সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা স্বরূপকাঠী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাজারের ২১টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম বলেন, আমরা স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। তবে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language