বলিউড

অনুমতি মেলেনি, ঢাকায় আসছেন না নোরা ফতেহি

মুম্বাই, ০৫ সেপ্টেম্বর – ঢাকায় একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে ডিসেম্বর ঢাকায় আসার কথা ছিল বলিউড তারকা নোরা ফাতেহির। তবে তার অনুমতি মেলেনি। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত তিনি আসছেন না বলে জানিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া জানান, ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে আসবেন তিনি। নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজরকাড়া।

সূত্র: মানবজমিন
এম ইউ/০৫ সেপ্টেম্বর ২০২২

Back to top button
🌐 Read in Your Language