বলিউড

গৌরীকে নিয়ে শঙ্কায় ছিলেন শাহরুখ

মুম্বাই, ০৯ অক্টোবর- ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীকে বিয়ে করেন শাহরুখ খান। তাদের দাম্পত্য জীবনের বয়স ২৯ বছরে গিয়ে ঠেকল। দীর্ঘ দাম্পত্যে জীবনে নানা ঝড়-ঝাপটার ভেতর দিয়েই এগিয়েছে শাহরুখ গৌরীর সংসার। নানা সময়ে শাহরুখকে নিয়ে গুঞ্জনও শোনা গেছে। কখনো কাজল, কখনো প্রিয়াঙ্কা, একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়েছে শাহরুখের নাম। তারপরও টিকে আছে শাহরুখ-গৌরীর সংসার।

পাশাপাশি একটা সময়ে গৌরীকে হারানোর ভয় জাঁকিয়ে বসেছিল শাহরুখের মনে। কেন? উত্তর পেতে গেলে ফিরে যেতে হয় ১৯৯৭ সাল-এ। গৌরী তখন অন্তঃসত্ত্বা। ছেলে আরিয়ানের পৃথিবীতে আসার দিন গুনছে খান দম্পতি। গৌরী ভর্তি হলেন হাসপাতালে। কিন্তু শাহরুখের মনে তখন অন্য চিন্তা। মুম্বাই সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “গৌরীকে চারপাশ থেকে টিউব দিয়ে মোড়ানো ছিল। ও তখন পাগলের মতো ছটফট করছে। কাঁপছে। আমি ওর সঙ্গে অপারেশন থিয়েটারের ভেতর গিয়েছিলাম। ভেবেছিলাম ও আর বাঁচবে না।”

আরও পড়ুন: প্রভাস-দীপিকার মেগা বাজেটের ছবিতে অমিতাভ

শাহরুখ আরও যোগ করেন, “সেই সময় আমি আমার সন্তানের কথা ভাবিনি। সন্তান আমার কাছে তখন গুরুত্বপূর্ণ ছিল না। গৌরী সেই সময় ভীষণ কাঁপছে। আমি জানতাম সন্তান প্রসব করতে গিয়ে কারওর মৃত্যু হয় না। তবুও ভয় পেয়েছিলাম।” এরপর শাহরুখ-গৌরীর সংসারে এল তাদের প্রথম সন্তান। নায়কের কথায়, ছেলের বাহ্যিক গঠনে মা ও বাবা দু’জনের ছাপ স্পষ্ট। তবে হাবভাব নাকি পুরোটাই বাবার মতো।

ভালোবেসে ছেলের নাম রাখা হল আরিয়ান। শাহরুখ বলেন, “এই নাম রাখার পেছনে বিশেষ কোনো কারণ নেই। শুনতে ভালো লেগেছিল। মনে হয়েছিল যখন কোন মেয়েকে নিজের নাম বলবে, সে মুগ্ধ হবে এই নাম শুনে।”

এন এইচ, ০৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language