ঢালিউড

বিধবা বেশে হাজির হচ্ছেন জয়া

ঢাকা, ১২ নভেম্বর- দীর্ঘ কেরিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে এপার-ওপার দুই বাংলায়ই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তারই ধারাবাহিকতায় এবার তিনি পর্দায় আসছেন বিধবা বেশে। আকরাম খান পরিচালিত ‘নকশি কাঁথার জমিন’ নামের একটি চলচ্চিত্রে এমন চরিত্রে দেখা যাবে জয়াকে।

নির্মাতা আকরাম খান জানান, হবিগঞ্জ, সৈয়দপুর ও নারায়ণগঞ্জে টানা ১৭ দিন শুটিং করে সম্প্রতি ছবিটির কাজ সম্পূর্ণ করা হয়েছে। দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। সেখানে জয়া আহসান অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে।

এই ছবির গল্পে দেখা যাবে দুই বিধবা বোনের জীবনের গল্প, যাদের জীবন-যাপনের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়। গত ২ নভেম্বর থেকে ছবির শুটিংয়ে অংশ নেন জয়া। ছবিটি আগামী বছরের ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে মুক্তি দেয়া হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে এর আগেও একটি সিনেমা বানিয়েছেন নির্মাতা আকরাম খান। সেটির নাম ছিল ‘খাঁচা’। ওই ছবিতেও একটি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নায়িকা কাম প্রযোজক জয়া আহসান।

আডি/ ১২ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language