দক্ষিণ এশিয়া

অনলাইনে তেল খুঁজছেন শ্রীলঙ্কার মানুষ

কলম্বো, ০৩ জুন – অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার সাধারণ মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সহজ ক্ষেত্র হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সেখান থেকে তারা কোথায়-কখন জ্বালানি পাওয়া যাচ্ছে তা জানতে পারাসহ এ ধরনের নানা খবর দ্রুত পেয়ে যাচ্ছেন। তাই মৌলিক চাহিদা মেটাতে এবং অর্থকষ্ট দূর করতে তহবিল সংগ্রহ করার মতো কাজেও শ্রীলঙ্কার মানুষরা এখন বেশি বেশি ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম এবং টুইটারের মতো নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঢু মারছেন।

স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। কভিড মহামারীতে পর্যটন খাত ধসে পড়া, ভবিষ্যৎ না ভেবে সরকারের কাণ্ডজ্ঞানহীন কর কর্তন, বিশাল অ্েঙ্কর ঋণ নিয়ে উচ্চাভিলাষী নানা প্রকল্পের কাজ হাতে নেওয়া, ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে বিশৃঙ্খল পরিস্থিতি, লাগামহীন মূল্যস্ফীতি এবং সর্বোপরি সরকারের দুর্নীতির কারণে দেশটির সাধারণ মানুষকে আজকের পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই বললেই চলে। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জ্বালানি এখন সোনার হরিণ হয়ে গেছে। পেট্রোল পাম্পগুলোতে বেশিরভাগ সময় জ্বালানি থাকে না। তাই তথ্য ও সাহায্যের জন্য মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে ঝুঁকছেন।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী ক্রেগ রাইডার বলেন, ‘আমরা এই প্ল্যাটফর্মগুলো তাদের সরাসরি এবং নির্দিষ্ট চাহিদা যেমন জ্বালানি বা অন্যান্য অতি জরুরি প্রয়োজন মেটাতে অভিনব উপায় হিসেবে ব্যবহার করতে দেখছি।’

২৯ বছরের সাথিস শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোর উপকণ্ঠে বাস করেন। সাথিসকে মাঝে মাঝে জ্বালানি পেতে সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অবস্থা যখন এতটাই খারাপ তখন তার জন্য আশার আলো হয়ে এসেছে একটি ফেইসবুক গ্রুপ। সেখানে কোথায় জ্বালানি পাওয়া যাচ্ছে তার নিয়মিত আপডেট দেওয়া হয়। এমনকি পেট্রোল পাম্পের সামনের লাইন কত লম্বা সেটাও জানিয়ে দেওয়া হয়। ফলে সাথিসের মতো জ্বালানির খোঁজে যাদের দিশেহারা অবস্থা, তারা এই গ্রুপ থেকে বেশ খানিকটা উপকৃত হচ্ছেন।

সাথিস বলেন, ‘এই সংকটে জ্বালানি পাওয়া অনেকটা হারিয়ে যাওয়া সুচ খুঁজে পাওয়ার মতো…যেটা অনেকটা অসম্ভব। কিন্তু এই গ্রুপটা ঠিক যেন চুম্বুক…এদের সাহায্যে এখন আমি অনেক বেশি সময় নষ্ট করা ছাড়াই জ্বালানি খুঁজে বের করতে পারছি।’

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/০৩ জুন ২০২২


Back to top button
🌐 Read in Your Language