ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা

বাগদাদ, ১৪ মার্চ – ইরাকের দুটি মার্কিন বিমানঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় আটবার হামলার ঘটনা ঘটেছে। ইরানপন্থি সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত এসব হামলা চালিয়েছে। শনিবার এক বিবৃতিতে এই গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল হারির এবং আল আসাদ নামের দুটি বিমানঘাঁটিতে জোটের যোদ্ধারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। মার্কিন বিমানঘাঁটির পাশাপাশি ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়ে গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য শুক্রবার লেভেল ফোর সতর্কবার্তা জারি করেছে দেশটির মার্কিন দূতাবাস। ওই বার্তায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রাখতে পারে।
এস এম/ ১৪ মার্চ ২০২৬









